নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ের মধ্যেই শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চে চলমান অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
রিজওয়ানা হাসান জানান, শহীদ হাদির পরিবারের সঙ্গে সরকার নিয়মিত যোগাযোগ রাখছে। তিনি বলেন, “এই দেশের মাটিতে, অন্তর্বর্তী সরকার থাকাকালীনই যারা আমাদের হাদিকে হত্যা করেছে, তাদের বিচার নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, শহীদ হাদির মৃত্যু ছিল অত্যন্ত করুণ ও হৃদয়বিদারক। “হাদিকে আমি আমার ভাই মনে করতাম। দেশের জন্য তার শহীদ হওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। যে মানুষের জানাজায় ১২ থেকে ১৫ লাখ মানুষ অংশ নিয়েছে, তার হত্যার বিচার নিশ্চিত করা জাতীয় দায়িত্ব।”
উপদেষ্টা বলেন, সরকার শাহবাগে বসে আন্দোলন না করলেও হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে নিরলসভাবে কাজ করছে। তদন্ত চলমান থাকায় এমন কোনো তথ্য প্রকাশ করা হচ্ছে না, যা প্রতিপক্ষকে সুবিধা দিতে পারে।
তিনি জানান, সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষে একটি শক্ত ও নির্ভুল চার্জশিট দাখিল করা হবে। ইনশাআল্লাহ, ৭ জানুয়ারি ২০২৫-এর পর চার্জশিট দেওয়া হবে এবং অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়েই দ্রুত বিচার সম্পন্ন করা হবে।
রিজওয়ানা হাসান বলেন, অতীতে আসিয়া হত্যাকাণ্ডে মাত্র ছয় কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন হয়েছিল। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারও এমন চার্জশিট দেওয়া হবে, যাতে কোনো ধরনের ফাঁকফোকর না থাকে।
তিনি আরও জানান, অভিযুক্তরা দেশত্যাগ করলে তাদের বিরুদ্ধে অনুপস্থিতিতে (ইন অ্যাবসেনশিয়া) বিচার চালানো হবে। পাশাপাশি কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে পলাতকদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ভারত সরকারকে অবহিত করা হয়েছে এবং তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে।
তদন্তের স্বার্থে কিছু তথ্য আপাতত প্রকাশ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি জানান, হত্যাকাণ্ড নিয়ে বিস্তারিত জানাতে রোববার সকাল সাড়ে ৬টায় টিভি পুলিশের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।