নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে নির্বাচন কেমন হবে, সে বিষয়ে প্রতিবেশী কোনো দেশের উপদেশ প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ভারতকে ইঙ্গিত করে তিনি বলেন, অতীতে প্রহসনমূলক নির্বাচন নিয়ে যারা নীরব ছিল, তাদের নসিয়ত বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে গ্রহণযোগ্য নয়।
বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের পক্ষ থেকে সম্প্রতি কিছু বক্তব্য ও পরামর্শ এসেছে। তবে বাংলাদেশে নির্বাচন কীভাবে হবে, সে বিষয়ে প্রতিবেশীদের উপদেশ চাওয়ার প্রয়োজন নেই। অন্তর্বর্তী সরকার প্রথম দিন থেকেই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরিতে অঙ্গীকারবদ্ধ। গত ১৫ বছর সে ধরনের পরিবেশ ছিল না বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “যে সময় আওয়ামী লীগ সরকারের অধীনে প্রহসনমূলক নির্বাচন হয়েছে, তখন ভারতের সঙ্গে তাদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু সে সময় ভারত একটি শব্দও বলেনি। এখন ভালো নির্বাচনের পথে এগোতে গিয়ে ভারতের এই নসিয়ত আমরা সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি।”
তৌহিদ হোসেন আরও বলেন, বাংলাদেশ জানে কীভাবে নির্বাচন আয়োজন করতে হয়। মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং যাদের ভোট দেবে তারাই যেন নির্বাচিত হয়—এটাই সরকারের লক্ষ্য।
প্রসঙ্গত, গত রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এরপর দিল্লি থেকে প্রকাশিত এক বিবৃতিতে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের পক্ষে ভারতের অবস্থানের কথা জানানো হয়।
এর তিন দিনের মাথায় বুধবার নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। সেখানেও একইভাবে বাংলাদেশে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হয়।
দুই দেশের কূটনৈতিক তলব-পাল্টা তলব প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি অস্বাভাবিক নয়। কোনো বিষয়ে মতভেদ থাকলে এ ধরনের কূটনৈতিক পদক্ষেপ হয়ে থাকে।
এ সময় তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার গণমাধ্যমে নিয়মিত বক্তব্য দিচ্ছেন, যা উসকানিমূলক। আদালতে দণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তি পাশের দেশে বসে বাংলাদেশের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে, সে বিষয়ে আপত্তি জানানো বা বক্তব্য বন্ধের অনুরোধ করা অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।