June 27, 2026, 7:17 am

খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা

  • Update Time : Wednesday, December 3, 2025

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সন্ধ্যা ৭টা ৭ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান।

হাসপাতালে পৌঁছালে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জে এম জাহিদ হোসেন, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, খালেদা জিয়ার পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান ও ছোট ভাই শামীম এসকান্দার। প্রায় আধা ঘণ্টা অবস্থানকালে প্রধান উপদেষ্টা পরিবার ও দলের নেতাদের ধৈর্য ধরার আহ্বান জানান।

চিকিৎসক দল প্রধান উপদেষ্টাকে ব্রিফ করে জানান, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই, জনস হপকিন্স, যুক্তরাজ্য, চীনসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন। একই সঙ্গে দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার অনুরোধ জানান।

হাসপাতাল পরিদর্শনে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বিএনপির মিডিয়া উইং জানায়, মহাসচিব তাকে সরাসরি খালেদা জিয়ার কাছে নিয়ে যান।

এর আগে মঙ্গলবার খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে যান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে এবং ২৭ নভেম্বর থেকে তাকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে।

হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়েছে; প্রবেশপথে ব্যারিকেড বসানো হয়েছে এবং এসএসএফ দায়িত্ব পালন করছে। অনুমোদিত ব্যক্তিদের বাইরে অন্য কাউকে ভিড় করতে দেওয়া হচ্ছে না।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com