June 27, 2026, 4:19 am

মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

  • Update Time : Friday, May 29, 2026

ক্রীড়া ডেস্ক:

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রত্যাশিতভাবেই দলকে নেতৃত্ব দেবেন অধিনায়ক লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপ হবে ৩৮ বছর বয়সী এই মহাতারকার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ।

বৃহস্পতিবার আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন ঘোষিত স্কোয়াডে রাখা হয়েছে কাতার বিশ্বকাপজয়ী দলের বেশিরভাগ সদস্যকে। ২০২২ সালে আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ের নায়ক এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজসহ মোট ১৭ জন খেলোয়াড় জায়গা পেয়েছেন এবারও।

কোচ লিওনেল স্কালোনি অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে দল সাজিয়েছেন। তবে গুঞ্জন থাকলেও অবসর ভেঙে ফেরানো হয়নি আর্জেন্টিনার সাবেক তারকা অ্যাঞ্জেল ডি মারিয়াকে। ২০২৪ কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান তিনি।

ইনজুরির কারণে ২০২২ বিশ্বকাপ মিস করা মিডফিল্ডার জিওভানি লো সেলসো এবার দলে ফিরেছেন। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপ দলে থাকলেও মাঠে নামার সুযোগ হয়নি তার। ফলে এবারের আসরে বিশ্বকাপে অভিষেক হতে পারে এই মিডফিল্ডারের।

দলে জায়গা পেয়েছেন কয়েকজন তরুণ ফুটবলারও, যাদের আর্জেন্টিনার ভবিষ্যৎ হিসেবে দেখা হচ্ছে। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ভ্যালেন্তিন বার্কো, নিকোলাস পাজ, জিউলিয়ানো সিমিওনে, হোসে মানুয়েল লোপেজ ও থিয়াগো আলমাদা।

অন্যদিকে, স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, ইনজুরি ও ফিটনেস সমস্যার কারণে কাতার বিশ্বকাপজয়ী স্কোয়াডের সদস্য মার্কোস আকুনা শেষ পর্যন্ত জায়গা ধরে রাখতে পারেননি।

বিশ্বকাপে ‘জে’ গ্রুপে খেলবে আর্জেন্টিনা। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে স্কালোনির দল। এরপর তারা মুখোমুখি হবে জর্ডান ও অস্ট্রিয়ার।

আর্জেন্টিনার ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক:
এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো

ডিফেন্ডার:
লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নাহুয়েল মলিনা

মিডফিল্ডার:
লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, ভ্যালেন্টিন বার্কো, জিওভানি লো সেলসো, এক্সেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ

ফরোয়ার্ড:
লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, হোসে মানুয়েল লোপেজ, লাউতারো মার্টিনেজ।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com