নিজস্ব প্রতিবেদক:
ঈদের আনন্দঘন পরিবেশের মধ্যেই দেশের বিভিন্ন জেলায় ঘটে গেছে একের পর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। কেউ পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছিলেন, কেউ বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন, আবার কেউ রাজধানীতে ফিরছিলেন জীবিকার তাগিদে। কিন্তু আনন্দযাত্রা শেষ হয়েছে মৃত্যুতে। বুধবার (২৭ মে) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যা পর্যন্ত মাত্র ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেল দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে তিন শিশু, দুই কিশোর এবং অন্তঃসত্ত্বা নারীও।
চট্টগ্রাম, গোপালগঞ্জ, গাইবান্ধা, দিনাজপুর, ফরিদপুর, নরসিংদী, পটুয়াখালী, নড়াইল, টাঙ্গাইল ও মাদারীপুরে এসব দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ।
চট্টগ্রামে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩
চট্টগ্রামের কর্ণফুলীতে ঈগল পরিবহনের একটি বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ভেল্লাপাড়া ব্রিজসংলগ্ন তালতল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানান, আহত অন্তত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গোপালগঞ্জে একই পরিবারের ৩ জনসহ নিহত ৫
ঢাকা থেকে গ্রামের বাড়ি ফিরছিলেন সোহাগ (৪০)। সঙ্গে ছিলেন অন্তঃসত্ত্বা স্ত্রী খাদিজা বেগম ও ছয় বছরের ছেলে আহমদ আলী। কিন্তু ঈদের আনন্দ আর ভাগাভাগি করা হয়নি তাদের।
বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হন।
নিহত অন্যরা হলেন—শাওন ঢালী ও শোয়েব শেখ। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
পটুয়াখালীতে প্রাণ গেল দুই তরুণের
পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন দুই তরুণ। বৃহস্পতিবার সকালে পৌরশহরের গ্রামীণ ব্যাংকের সামনের সড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহত তামিম ইকবাল (১৬) স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। অপর নিহত আল ফয়সাল (২২) ঢাকার তামিরুল মিল্লাত মাদরাসার শিক্ষার্থী ছিলেন।
দিনাজপুরে ঈদযাত্রায় প্রাণ হারাল দুই শিশু
দিনাজপুরের ঘোড়াঘাটে ঈদের দিন সকালে মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে দুই শিশু—আব্দুল্লাহ (৪) ও আরিফা (৪)।
ভোরে কানাগাড়ি বাজার এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। আহত হয়েছেন দুই শিশুর মা।
গাইবান্ধায় পৃথক দুর্ঘটনায় নিহত ৩
গাইবান্ধার সুন্দরগঞ্জে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় মালেকা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে মওলানা ভাসানী সেতুর উত্তরপ্রান্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
অন্যদিকে, পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কে বাসচাপায় নিহত হয়েছেন ছাত্রলীগ নেতা হাসান আলী প্রধান (২৬) ও রিকশাচালক সিদ্দিক আলী (৩৫)।
নড়াইল, টাঙ্গাইল ও মাদারীপুরে নিহত ৩
নড়াইলের লোহাগড়ায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন সাব্বির গাজী (১৮)। গুরুতর আহত হয়েছেন তার সহযাত্রী।
টাঙ্গাইলের সখীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থী কানন (১৮) নিহত হয়েছেন।
এদিকে মাদারীপুরের শিবচরে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে সাত্তার হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হন।
ফরিদপুরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন দুই চালক—সাইফুল মোল্লা (২৫) ও আল ইমরান শরীফ (২৮)। বুধবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মা-ছেলের মৃত্যু
ঈদের নতুন জামা কিনে বাড়ি ফেরার পথে নরসিংদী রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন সাথী বেগম (২৭) ও তার ১৮ মাস বয়সী ছেলে সাফওয়ান হাসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্লাটফর্ম অতিক্রম করার সময় দ্রুতগতির কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় ছিটকে পড়েন মা ও ছেলে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী সুজন মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার চোখের সামনে স্ত্রী আর সন্তানকে হারালাম। অনেক চিৎকার করেছি, কিন্তু বাঁচাতে পারিনি।”
বাড়ছে উদ্বেগ
ঈদকে কেন্দ্র করে বাড়তি যানবাহন চলাচল, অতিরিক্ত গতি, বেপরোয়া মোটরসাইকেল চালনা এবং ট্রাফিক আইন অমান্যের কারণে প্রতিবছরই ঈদযাত্রা রক্তাক্ত হয়ে ওঠে। এবারও তার ব্যতিক্রম হয়নি।
সংশ্লিষ্টরা বলছেন, মহাসড়কে নজরদারি বৃদ্ধি, ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণ এবং চালকদের সচেতনতা ছাড়া এ ধরনের দুর্ঘটনা কমানো কঠিন।