June 27, 2026, 8:24 am

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

  • Update Time : Sunday, May 24, 2026

জেলা প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দায় ঢাকা-বরিশাল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সকাল ১০টার দিকে নগরকান্দা উপজেলার শংকরপাশা বাসস্ট্যান্ড এলাকায় বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে ফরিদপুরগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধারকাজ শুরু করে। গুরুতর ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্স থেকে মরদেহ উদ্ধার করতে বেগ পেতে হয় উদ্ধারকর্মীদের।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নগরকান্দা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে মরদেহ উদ্ধারের কাজ চলছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে নিহতদের পরিচয় নিশ্চিত এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

এদিকে দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে কিছু সময় যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। পরে পুলিশ ও উদ্ধারকারী দল দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com