June 27, 2026, 4:17 am

পাকিস্তানকে হোয়াইটওয়াশের পর ইতিহাসে প্রথমবার টেস্ট র‍্যাঙ্কিংয়ে সাত নম্বরে বাংলাদেশ

  • Update Time : Thursday, May 21, 2026

ক্রীড়া প্রতিবেদক:

পাকিস্তানকে টানা দুই সিরিজে হোয়াইটওয়াশ করার বড় সাফল্যের ফল এবার আন্তর্জাতিক টেস্ট র‍্যাঙ্কিংয়েও পেল বাংলাদেশ। ইতিহাসে প্রথমবারের মতো আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে সাত নম্বরে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল।

সিলেটে পাকিস্তানকে ৭৮ রানে হারানোর পর র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন আসে। আগে নবম স্থানে থাকা বাংলাদেশ এক লাফে উঠে যায় সপ্তম স্থানে। অন্যদিকে পাকিস্তান দুই ধাপ পিছিয়ে নেমে গেছে অষ্টম স্থানে। বাংলাদেশের উন্নতির কারণে এক ধাপ নেমে নবম স্থানে গেছে ওয়েস্ট ইন্ডিজ। কোনো ম্যাচ না খেলেও রেটিংয়ের কারণে এক ধাপ উন্নতি পেয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে শ্রীলঙ্কা।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলে কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই এক নম্বরে অস্ট্রেলিয়া, দুইয়ে দক্ষিণ আফ্রিকা, তিনে ভারত এবং চারে ইংল্যান্ড রয়েছে। পাঁচ নম্বরে নিউজিল্যান্ড এবং ছয়ে শ্রীলঙ্কা অবস্থান করছে।

২০০০ সালে দশম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে মর্যাদা পাওয়ার পর দীর্ঘ সময় বাংলাদেশের অবস্থান ছিল র‍্যাঙ্কিংয়ের নিচের দিকে। শুরুতে তলানিতে থাকলেও পরে ধীরে ধীরে উন্নতি করে নবম স্থানে জায়গা করে নেয় দলটি। ২০১৮ সালে প্রথমবার অষ্টম স্থানে উঠে ইতিহাস গড়লেও সেই অবস্থান স্থায়ী হয়নি। গত কয়েক বছর আবার নবম স্থানেই স্থিত ছিল বাংলাদেশ।

তবে সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে ও বিদেশে পাকিস্তানের বিপক্ষে দারুণ পারফরম্যান্সে বড় পরিবর্তন এসেছে। ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে তাদের মাঠে হোয়াইটওয়াশ করার পর এবার ঘরের মাঠেও একই কীর্তি গড়েছে টাইগাররা। ফলে অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল হিসেবে টানা দুই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার রেকর্ড গড়ল বাংলাদেশ।

সর্বশেষ ম্যাচের পর বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ১৫৫১, যা অষ্টম স্থানে থাকা পাকিস্তানের ১২০৫ পয়েন্টের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি। এই ব্যবধানই র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানকে আরও শক্ত করেছে।

শুধু টেস্ট র‍্যাঙ্কিং নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে বাংলাদেশের। আসরের এখনো বেশ কিছু ম্যাচ বাকি থাকলেও বর্তমানে তারা পঞ্চম স্থানে অবস্থান করছে, যেখানে ইংল্যান্ড ও ভারতকে পেছনে ফেলেছে তারা।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com