June 27, 2026, 4:19 am

বিমানবন্দরে গ্রেপ্তার জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি ‘পিচ্চি রাজা’

  • Update Time : Tuesday, May 19, 2026

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে ‘পিচ্চি রাজা’কে গ্রেপ্তার করেছে পুলিশ। নেপাল থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর তেজগাঁও বিভাগের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া পিচ্চি রাজার প্রকৃত নাম রাজা বাদশাহ। দীর্ঘদিন ধরে তিনি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকা এই আসামিকে নেপাল থেকে ফেরার পথে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ ও বিশেষ শাখার (এসবি) সহায়তায় আটক করা হয়।

সংবাদ সম্মেলনে ডিসি ইবনে মিজান বলেন, “পিচ্চি রাজার বিরুদ্ধে বর্তমানে শুধু মোহাম্মদপুর থানাতেই ২৯টি মামলা রয়েছে। তার বয়স এখনো ৩০ হয়নি, অথচ মামলার সংখ্যা ২৯।”

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে রয়েছে ৩টি হত্যা মামলা, ৭টি হত্যা চেষ্টা মামলা, ৪টি বিস্ফোরক দ্রব্য আইনের মামলা, ১টি বিশেষ ক্ষমতা আইনের মামলা, ১টি সন্ত্রাসবিরোধী আইনের মামলা এবং ১৩টি মাদক মামলা।

ডিসি ইবনে মিজান আরও জানান, দেশের বাইরে অবস্থান করেও পিচ্চি রাজা মাদক কারবার নিয়ন্ত্রণ করতেন বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তার সহযোগী ও মাদক নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ করছে পুলিশ।

এছাড়া গ্রেপ্তারের সময় তার কাছে একাধিক পাসপোর্ট ছিল কি না এবং অতীতে তিনি কোন কোন দেশে গেছেন, সেসব বিষয়ও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে ডিসি ইবনে মিজান বলেন, “লুকিয়ে, পালিয়ে কিংবা আড়ালে থেকে কেউ মাদক কারবার চালিয়ে যেতে পারবে না। জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুয়েল রানা এবং মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন।

পুলিশের দাবি, রাজধানীতে মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবেই এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, জেনেভা ক্যাম্পকেন্দ্রিক মাদক চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়ানো হবে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com