June 27, 2026, 4:19 am

পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ

  • Update Time : Tuesday, May 19, 2026

ক্রীড়া প্রতিবেদক:

মিরপুর টেস্টে দাপটের সঙ্গে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। চতুর্থ দিনের খেলা শেষে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট তুলে নিয়ে সফরকারীদের হোয়াইটওয়াশের খুব কাছাকাছি পৌঁছে গেছে টাইগাররা। ম্যাচ জিততে এখন বাংলাদেশের প্রয়োজন আর মাত্র ৩ উইকেট।

দিনশেষে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল দ্বিতীয় ইনিংসে ৮৬ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৩১৬ রান। এখনো তারা বাংলাদেশের প্রথম ইনিংসের লিড থেকে ১২১ রানে পিছিয়ে আছে। হাতে রয়েছে শেষ তিন উইকেট।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ করে ২৭৮ রান। জবাবে পাকিস্তান অলআউট হয় ২৩২ রানে। দ্বিতীয় ইনিংসে টাইগাররা আরও ৩৯০ রান যোগ করলে পাকিস্তানের সামনে দাঁড়ায় বিশাল লক্ষ্য।

চতুর্থ দিনের শুরুতে পাকিস্তান সতর্কভাবেই ব্যাটিং করছিল। আগের দিন কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করা সফরকারীরা আজ প্রথম ধাক্কা খায় ইনিংসের ১১তম ওভারে। গতি ও বাউন্সে ভর করে ওপেনার আব্দুল্লাহ ফজলকে ফিরিয়ে দেন তরুণ পেসার নাহিদ রানা। গালিতে দাঁড়িয়ে দারুণ ক্যাচ নেন মেহেদী হাসান মিরাজ। দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করা ফজল এবার থামেন মাত্র ৬ রানে।

এরপর পাকিস্তানের আরেক ওপেনার আজান আওয়াইসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মিরাজ। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ২১ রান করে ফিরতে হয় এই ব্যাটারকে।

৪১ রানে দুই ওপেনার হারানোর পর দলকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন বাবর আজম ও অধিনায়ক শান মাসুদ। তাদের জুটি বড় হওয়ার আগেই আঘাত হানেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। ৪৭ রান করা বাবরকে ফিরিয়ে ভাঙেন গুরুত্বপূর্ণ এই জুটি।

সিরিজজুড়ে ব্যর্থ সউদ শাকিল এবারও রান পাননি। ২১ বল খেলে মাত্র ৬ রান করে নাহিদ রানার শিকার হন তিনি।

অন্যদিকে সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন শান মাসুদ। তবে তাকে আর বড় ইনিংস খেলতে দেননি তাইজুল। ৭১ রান করা এই ব্যাটারকে ক্যাচে পরিণত করেন মাহমুদুল হাসান জয়। ১৬২ রানে পঞ্চম উইকেট হারানোর পর চাপে পড়ে পাকিস্তান।

তবে এরপরই প্রতিরোধ গড়ে তোলেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগা। দুজন মিলে ১৩৪ রানের জুটি গড়ে বাংলাদেশের জয় কিছুটা বিলম্বিত করেন।

শেষ বিকেলে এসে আবারও ম্যাচে নিয়ন্ত্রণ ফেরান তাইজুল ইসলাম। ৭১ রান করা সালমান আলি আগাকে বোল্ড করে ভাঙেন বিপজ্জনক এই জুটি। পরের ওভারেই হাসান আলিকে স্লিপে ক্যাচ বানিয়ে নিজের চতুর্থ উইকেট তুলে নেন তিনি। মাত্র ৮ বলের ব্যবধানে দুই উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় পাকিস্তান।

চতুর্থ দিনের শেষে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার তাইজুল ইসলাম। দ্বিতীয় ইনিংসে ১১৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। এছাড়া নাহিদ রানা পেয়েছেন ২টি এবং মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ১ উইকেট।

এখন পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের লক্ষ্য দ্রুত শেষ তিন উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা। অন্যদিকে পরাজয় এড়াতে অলৌকিক কিছু করতে হবে সফরকারীদের।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com