নিজস্ব প্রতিবেদক:
সারা দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে, আর বাকি ৬ জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫১৮ শিশু।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত দেড় মাসে দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে মোট ৪৩৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম আক্রান্ত শিশু ছিল ৭০ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩৬৯ শিশু।
একই সময়ে সারা দেশে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৭ হাজার ৩০৫ জন। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫৪ হাজার ৪১৯ শিশু।
প্রতিবেদন অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে ১৯২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ২৯ হাজার ৪৮১ জন শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই পরিসংখ্যান গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১৪ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাবের ভিত্তিতে তৈরি করা হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা না নেওয়া, জনসচেতনতার অভাব এবং দ্রুত চিকিৎসা না পাওয়ার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। তারা অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র্যাশ, কাশি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন।
পরিস্থিতি মোকাবিলায় দেশের বিভিন্ন এলাকায় বিশেষ টিকাদান কর্মসূচি ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে স্বাস্থ্য বিভাগ। তবে সংক্রমণ ও মৃত্যুর হার কমাতে আরও সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।