নিজস্ব প্রতিবেদক:
সারা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে, আর বাকি ৬ জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯২ শিশু।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত দেড় মাসে দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে মোট ৪২৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম আক্রান্ত শিশু ছিল ৬৮ জন। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩৫৬ শিশু।
এ সময়ে সারাদেশে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৭ হাজার ২৪ জন। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫১ হাজার ৫৬৭ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে এখন পর্যন্ত হাম ও হাম-সন্দেহে মারা গেছে ১৮৬ শিশু। একই সময়ে আক্রান্ত হয়েছে ২৭ হাজার ৯৩২ জন শিশু।
গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১২ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রমে ঘাটতি, জনসচেতনতার অভাব এবং দ্রুত চিকিৎসা না পাওয়ার কারণে হাম পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। তারা শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, র্যাশ ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে বিভিন্ন এলাকায় বিশেষ টিকাদান ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।