নিজস্ব প্রতিবেদক:
দেশজুড়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুদের মৃত্যু ও সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৪ শিশু এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৭ শিশু।
এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১০ মে সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯ জনে।
রোববার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৭০৮ শিশু হাম বা হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে।
গত প্রায় দেড় মাসে সারা দেশে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৮১৯ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে আরও ৪৯ হাজার ১৫৯ শিশু।
অধিদপ্তরের হিসাব বলছে, মোট ৪০৯ মৃত্যুর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৬৫ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৪৪ শিশু।
বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রমে ঘাটতি, শিশুদের অপুষ্টি এবং সময়মতো চিকিৎসা না পাওয়ার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। হাম পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঢাকা বিভাগ। এ বিভাগে এখন পর্যন্ত হাম ও হাম সন্দেহে মারা গেছে ১৭৯ শিশু। একই সময়ে আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৮২৮ শিশু।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার, আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের হাম প্রতিরোধী টিকা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন।