নিজস্ব প্রতিবেদক:
রোববার (৩ মে) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে দেশের সাম্প্রতিক হাম পরিস্থিতির উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে একজন এবং হামের উপসর্গ নিয়ে নয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত ও উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে ১ হাজার ২৬১ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত দেড় মাসে (১৫ মার্চ সকাল ৮টা থেকে ৩ মে সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ২৯৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৫০ শিশুর, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২৪৪ শিশু।
এ সময়ে পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৩১৩ শিশু। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ৪০ হাজার ৪৯১ শিশু।
প্রতিবেদন অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে হাম ও হাম-সন্দেহে ১৫০ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২১ হাজার ৯৭৬ শিশু।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ এবং টিকাদানের ঘাটতি থাকলে দ্রুত ছড়িয়ে পড়ে। তারা শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা, আক্রান্তদের দ্রুত চিকিৎসা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন।
বর্তমান পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর দেশের বিভিন্ন হাসপাতালে প্রস্তুতি জোরদার করার পাশাপাশি টিকাদান কার্যক্রম বাড়ানোর উদ্যোগ নিয়েছে।