ক্রীড়া প্রতিবেদক:
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফাইনালে দুর্দান্ত বোলিং করা নাহিদ রানা এবং অলরাউন্ড নৈপুণ্যে ঝলমল করা এরন হার্ডির হাত ধরে চ্যাম্পিয়ন হয়েছে পেশোয়ার জালমি। ফাইনালে তারা ৫ উইকেটে হারিয়েছে হায়দরাবাদ কিংসম্যানকে। দীর্ঘ ৯ বছর অপেক্ষার পর দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল দলটি।
নিউজিল্যান্ড সিরিজ চলাকালীনই পেশোয়ার জালমি ফাইনালের জন্য দলে চেয়েছিল নাহিদ রানাকে। বিসিবির অনুমতি পেয়ে দলে যোগ দিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ রাখেন এই পেসার। ফাইনালে ২২ রানে ২ উইকেট নিয়ে প্রতিপক্ষকে বড় সংগ্রহ গড়তে দেননি তিনি।
লাহোরে টসে হেরে ব্যাট করতে নেমে হায়দরাবাদ ১৮ ওভারে ১২৯ রানে অলআউট হয়। ওপেনিংয়ে দ্রুত আউট হন মাজ সাদাকাত। মার্নাস ল্যাবুশেন ২০ রান করে বিদায় নেন।
তিন নম্বরে নেমে লড়াই করেন সাইয়ুম আইয়ুব। তিনি ৪২ বলে ৫৪ রানের ইনিংস খেললেও অন্য প্রান্তে নিয়মিত উইকেট পড়ায় দল বড় সংগ্রহ গড়তে পারেনি। মিডল অর্ডারের ব্যর্থতায় নির্ধারিত ওভারের আগেই গুটিয়ে যায় ইনিংস।
পেশোয়ারের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন হার্ডি—২৭ রানে ৪ উইকেট। এছাড়া নাহিদ ২টি এবং অন্যরা একটি করে উইকেট নেন।
১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে পেশোয়ার। প্রথম ওভারেই মোহাম্মদ হারিস ও বাবর আজম-কে ফেরান মোহাম্মদ আলি। বাবর গোল্ডেন ডাক করেন।
এরপর দ্রুতই কুশল মেন্ডিস ও মাইকেল ব্রেসওয়েল আউট হলে ম্যাচ হায়দরাবাদের দিকে হেলে পড়ে।
চাপের মুহূর্তে হাল ধরেন হার্ডি ও আব্দুল সামাদ। দুজনের ৮৫ রানের জুটি দলকে জয়ের পথে নিয়ে যায়। সামাদ ৪৮ রানে আউট হলেও হার্ডি অপরাজিত থাকেন ৫৬ রানে (৩৯ বল, ৯ চার)।
শেষ পর্যন্ত ফারহান ইউসুফ চার মেরে ১৫.২ ওভারে ৫ উইকেটে ১৩০ রান তুলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।