নিজস্ব প্রতিবেদক:
চলতি বোরো মৌসুমে আগামী ৩ মে থেকে সারাদেশে ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এ কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত। মোট ১৮ লাখ টন ধান-চাল এবং ৫০ হাজার টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বুধবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি (এফপিএমসি)-এর সভা শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মন্ত্রী জানান, এ বছর প্রতি কেজি বোরো ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা, আতপ চাল ৪৮ টাকা এবং গম ৩৬ টাকা দরে সংগ্রহ করা হবে। ধান ও গম সংগ্রহ শুরু হবে ৩ মে থেকে, আর চাল সংগ্রহ শুরু হবে ১৫ মে থেকে।
তিনি বলেন, সংগ্রহ লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে ৫ লাখ টন বোরো ধান, ১২ লাখ টন সিদ্ধ চাল, ১ লাখ টন আতপ চাল এবং ৫০ হাজার টন গম।
সভায় উপস্থিত ছিলেন খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, দেশে বর্তমানে চালের পর্যাপ্ত মজুত রয়েছে। সরকারি গুদামে এখন প্রায় ১৭ থেকে ১৮ লাখ টন চাল মজুত আছে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখছে।
গমের বিষয়ে তিনি বলেন, দেশে বার্ষিক গমের চাহিদা প্রায় ৮০ লাখ টন। এর মধ্যে ৭০ থেকে ৭২ লাখ টন দেশে উৎপাদিত হয় এবং অবশিষ্ট প্রায় ৮ লাখ টন সরকারিভাবে জি-টু-জি (সরকার-টু-সরকার) পদ্ধতিতে আমদানি করা হয়।
সরকারের এই সংগ্রহ কার্যক্রম কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং খাদ্য মজুত স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।