June 27, 2026, 4:20 am

হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু

  • Update Time : Saturday, April 18, 2026

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা: দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। যদিও এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শনিবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর এর কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে নতুন করে ৮৬ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে বা সন্দেহভাজন হিসেবে ৯৪২ জনকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মার্চের মাঝামাঝি থেকে বাড়ছে মৃত্যু ও সংক্রমণ

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৩৭ জন শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি হাম সন্দেহে আরও ১৭৮ শিশুর প্রাণহানি ঘটেছে।

এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৭৮ জনে। আর হামের উপসর্গ নিয়ে বা সন্দেহভাজন হিসেবে শনাক্ত হয়েছেন মোট ২২ হাজার ৪০৯ জন।

একদিনেই সহস্রাধিক সন্দেহভাজন রোগী

গত ২৪ ঘণ্টার হিসাবেই হামের উপসর্গ নিয়ে বা সন্দেহভাজন রোগীর সংখ্যা ১ হাজার ২৮ জনে পৌঁছেছে, যা সংক্রমণের ঊর্ধ্বগতির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, টিকাদান কর্মসূচি জোরদার, দ্রুত শনাক্তকরণ এবং আক্রান্তদের যথাযথ চিকিৎসা নিশ্চিত না করা গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তারা অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকা দেওয়ার পাশাপাশি জ্বর, ফুসকুড়ি বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে নজরদারি বাড়ানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com