June 27, 2026, 4:20 am

৩ মে থেকে সারাদেশে হামের টিকা পাওয়া যাবে

  • Update Time : Sunday, April 5, 2026

নিজস্ব প্রতিবেদক:

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। আগামী ৩ মে থেকে এই কার্যক্রম দেশব্যাপী চালু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

রোববার (৫ এপ্রিল) ঢাকার নবাবগঞ্জ-এ আয়োজিত হামের টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। মন্ত্রী জানান, প্রথম ধাপে নির্দিষ্ট কিছু এলাকায় কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে দেশের সব জেলা ও উপজেলায় এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে, যাতে কোনো শিশু ঝুঁকিতে না থাকে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে হামের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে তিনি উল্লেখ করেন, এটি কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই এবং এর ঝুঁকি কোভিড-১৯ মহামারির চেয়েও কম নয়।

এরই অংশ হিসেবে ৫ এপ্রিল থেকেই দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এসব এলাকার মধ্যে রয়েছে রাজশাহীর গোদাগাড়ী, ঢাকার নবাবগঞ্জ, মুন্সিগঞ্জের লৌহজং, ময়মনসিংহের ত্রিশাল, চাঁদপুর সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ, পাবনা সদর, গাজীপুর সদর, কক্সবাজারের মহেশখালী ও রামুসহ বিভিন্ন উপজেলা।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই টিকাদান কর্মসূচির মূল লক্ষ্য হলো দ্রুত ঝুঁকিপূর্ণ শিশুদের আওতায় আনা এবং হামের বিস্তার নিয়ন্ত্রণ করা। এজন্য মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকার আশা করছে, সময়মতো এবং কার্যকরভাবে এই টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করা গেলে দেশের চলমান হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com