June 27, 2026, 5:31 am

ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

  • Update Time : Friday, April 3, 2026

ক্রীড়া প্রতিবেদক:

মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল।

শুক্রবার (৩ এপ্রিল) অনুষ্ঠিত জমজমাট ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে ৪-৩ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

টাইব্রেকারে শুরুতেই দারুণ সাফল্য পায় বাংলাদেশ। ভারতের প্রথম শটটি রুখে দেন গোলরক্ষক মাহিন। এরপর বাংলাদেশের হয়ে মোর্শেদ, চন্দন ও ফাহিম সফলভাবে গোল করেন। চতুর্থ শটে স্যামুয়েলের প্রচেষ্টা ক্রসবারে লেগে ফিরে এলে সমতা ফিরে আসে। তবে ভারতের শেষ শটটি পোস্টের ওপর দিয়ে চলে গেলে সুযোগ তৈরি হয় বাংলাদেশের সামনে। সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে প্রবাসী ফুটবলার রোনান সুলিভান ঠাণ্ডা মাথায় গোল করে শিরোপা নিশ্চিত করেন।

নির্ধারিত সময়ের খেলায় প্রথমার্ধে বাংলাদেশ আক্রমণাত্মক ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে প্রাধান্য ছিল ভারতের। তবে বাংলাদেশের সংগঠিত রক্ষণভাগ ও গোলরক্ষক মাহিনের দৃঢ়তায় প্রতিপক্ষ কোনো গোল করতে পারেনি। পাল্টা আক্রমণেও কয়েকটি সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ, কিন্তু সেগুলো কাজে লাগানো যায়নি।

দ্বিতীয়ার্ধে ডেকলান সুলিভান মাঠে নামার পর আক্রমণে গতি বাড়ে বাংলাদেশের। ডান প্রান্ত দিয়ে কয়েকটি আক্রমণ গড়ে তোলা হলেও শেষ পর্যন্ত গোলের দেখা মেলেনি। ফলে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। জয় নিশ্চিত হওয়ার পর স্টেডিয়ামে উপস্থিত বাংলাদেশি সমর্থকদের উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।

ম্যাচ শেষে দলের অধিনায়ক মিঠু চৌধুরী বলেন, “দেশের হয়ে শিরোপা জিততে পেরে গর্ব হচ্ছে। দর্শকদের সমর্থন আমাদের অনুপ্রাণিত করেছে।”

দলের কোচ মার্ক কক্স শিষ্যদের প্রশংসা করে বলেন, “এই দলটি কখনো হার মানে না। তারা শেষ পর্যন্ত লড়াই করে এবং দেশের জন্য খেলতে সবকিছু উজাড় করে দেয়।”

এই জয়ের মাধ্যমে দক্ষিণ এশিয়ার যুব ফুটবলে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল বাংলাদেশ।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com