নিজেস্ব প্রতিবেদক:
রাজধানীর হাজারীবাগ এলাকায় ভাড়া বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সীমান্ত (২৫) বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের তথ্য অনুযায়ী, সীমান্তের বাড়ি মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামে। তিনি হাজারীবাগের মনেশ্বর রোডের একটি বাসায় সাবলেট হিসেবে থাকতেন।
নিহতের চাচা রুহুল আমিন জানান, বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে সীমান্ত নিজের কক্ষের দরজা বন্ধ করে রাখেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে তার রুমমেট বাড়ির মালিককে বিষয়টি জানান। পরে দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও জানান, হাসপাতালে নেওয়ার সময় সীমান্তের মুখ থেকে বিষাক্ত দ্রব্যের গন্ধ পাওয়া যায়। এতে পরিবারের ধারণা, তিনি বিষপান করে আত্মহত্যা করতে পারেন। তবে এ ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
ঢামেক পুলিশ ক্যাম্পে ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।