June 27, 2026, 6:09 am

রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

  • Update Time : Thursday, April 2, 2026

নিজস্ব প্রতিবেদক:

দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের চলমান প্রচেষ্টায় সরকারকে সহযোগিতা করতে রাজধানীসহ সারা দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানায়। এতে বলা হয়, আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু জানান, এটি ব্যবসায়ীদের নিজস্ব উদ্যোগ এবং এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধ্যতামূলক নির্দেশনা নেই। তবে দেশের সব ব্যবসায়ী এই সিদ্ধান্ত মেনে চলবেন বলে তারা আশাবাদী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি-এর সঙ্গে যৌথ স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এর মাধ্যমে বিদ্যুৎ খরচ কমিয়ে জাতীয় পর্যায়ে জ্বালানি সাশ্রয়ে ভূমিকা রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তবে কিছু জরুরি সেবাকে এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে। হোটেল, ফার্মেসি, কাঁচাবাজার এবং জরুরি প্রয়োজনীয় পণ্যের দোকানগুলো আগের মতোই খোলা রাখতে পারবে।

ব্যবসায়ী নেতারা মনে করছেন, সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা গেলে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে উল্লেখযোগ্য সাশ্রয় সম্ভব হবে, যা দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সহায়ক হবে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com