জেলা প্রতিনিধি:
প্রশাসনের ‘অযথা হয়রানি’ ও দাবি-দাওয়া উপেক্ষার প্রতিবাদে সিলেট বিভাগের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের জন্য তেল ও সিএনজি বিক্রি বন্ধ ঘোষণা করেছেন পাম্প মালিকরা। আকস্মিক এই সিদ্ধান্তে পুরো বিভাগজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১২টার দিকে এ ঘোষণা দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন-এর সিলেট বিভাগীয় কমিটি।
সংগঠনটির নেতারা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার সমাধান না হওয়া এবং দাবি-দাওয়া উপেক্ষিত থাকায় তারা বাধ্য হয়ে এ কর্মসূচি গ্রহণ করেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তেল ও সিএনজি বিক্রি বন্ধ থাকবে বলেও তারা স্পষ্ট করেছেন।
সংগঠনের বিভাগীয় সেক্রেটারি হুমায়ূন আহমেদ অভিযোগ করেন, প্রশাসনের পক্ষ থেকে জরিমানার নামে পাম্প মালিকদের ওপর চাঁদাবাজি করা হচ্ছে। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে আমরা বিভিন্নভাবে বিষয়টি তুলে ধরেছি, কিন্তু কোনো সমাধান হয়নি। বাধ্য হয়েই কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে।”
এদিকে হঠাৎ করে জ্বালানি সরবরাহ বন্ধের ঘোষণায় পরিবহন খাতে অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে। গণপরিবহন, পণ্যবাহী যানবাহনসহ বিভিন্ন খাত এতে বড় ধরনের সংকটে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাধারণ ভোক্তাদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
তবে এ বিষয়ে এখনো পর্যন্ত সংশ্লিষ্ট প্রশাসন বা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, দ্রুত আলোচনার মাধ্যমে সংকট নিরসন না হলে সিলেট অঞ্চলের অর্থনীতি ও দৈনন্দিন জীবনযাত্রায় এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।