নিজস্ব প্রতিবেদক:
প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ১৫ এপ্রিল থেকে সারা দেশে একযোগে এ পরীক্ষা শুরু হবে। তবে তিন পার্বত্য জেলার জন্য নির্ধারিত হয়েছে ভিন্ন সময়সূচি।
অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-এর গত ৫ মার্চ অনুষ্ঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এই সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।
তিন পার্বত্য জেলা বাদে দেশের অন্যান্য সব জেলায় ১৫ এপ্রিল বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা শুরু হবে। এরপর ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে।
অন্যদিকে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এই তিন পার্বত্য জেলায় পরীক্ষা শুরু হবে ১৭ এপ্রিল প্রাথমিক গণিত বিষয়ের মধ্য দিয়ে। পরদিন ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব জেলাতেও প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সুষ্ঠু পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।