June 27, 2026, 5:34 am

দেশে চীনা বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করবে রানার

  • Update Time : Thursday, March 26, 2026

নিজস্ব প্রতিবেদক:

দেশে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রানার। প্রতিষ্ঠানটি চীনের শীর্ষস্থানীয় ইলেকট্রিক ভেহিকল নির্মাতা BYD Auto Industry Company Limited-এর সঙ্গে যৌথভাবে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের উদ্যোগ নিয়েছে, যা দেশের অটোমোবাইল শিল্পে বড় ধরনের অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

এ লক্ষ্যে রানার অটোমোবাইলস খুব শিগগিরই বিওয়াইডির সঙ্গে একটি মাস্টার সাপ্লাই অ্যান্ড ম্যানুফ্যাকচারিং চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। গত ২০ মার্চ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। একই সভায় কোম্পানির সামগ্রিক ব্যবসায়িক পরিস্থিতিও পর্যালোচনা করা হয়েছে বলে জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, এই অংশীদারত্বকে বাংলাদেশে অটোমোবাইল খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর মাধ্যমে দেশে আধুনিক প্রযুক্তিনির্ভর যানবাহন উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি হবে এবং বৈদ্যুতিক গাড়ির বাজার সম্প্রসারণে গতি আসবে।

কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, চীনের শেনঝেনের পিংশান এলাকায় অবস্থিত বিওয়াইডির সঙ্গে এই অংশীদারত্ব রানার অটোমোবাইলসের ব্যবসা সম্প্রসারণ, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং উৎপাদন দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বৈশ্বিকভাবে সুপরিচিত একটি প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত জোট গড়ে ওঠায় কোম্পানির ভবিষ্যৎ প্রবৃদ্ধি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে পর্ষদ।

উল্লেখ্য, ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১১৩ কোটি ৫৪ লাখ টাকা। কোম্পানির রিজার্ভে রয়েছে ৪৪০ কোটি ৬৮ লাখ টাকা। মোট শেয়ারের মধ্যে ৫০ দশমিক ৪৮ শতাংশ উদ্যোক্তা ও পরিচালকদের দখলে, ২৪ দশমিক ৯০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং অবশিষ্ট ২৪ দশমিক ৬২ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই যৌথ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়বে এবং স্থানীয় শিল্প খাতে বিদেশি প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব পড়বে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com