বিনোদন ডেস্ক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা সিনেমাটি দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। মেগাস্টার শাকিব খান-এর উপস্থিতি এবং ঈদের উৎসব—এই দুইয়ের সমন্বয়ে সিনেমাটি এখন দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। মুক্তির প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড় দেখা গেছে।
তবে দর্শকদের এই আগ্রহের মধ্যেই কিছু হলে সার্ভার জটিলতা ও শো বিলম্ব নিয়ে অভিযোগ উঠেছে। এ বিষয়ে কথা বলতে গিয়ে নির্মাতা আবু হায়াত মাহমুদ জানান, সামগ্রিকভাবে সিনেমার অবস্থা অত্যন্ত ইতিবাচক এবং অধিকাংশ শো-ই হাউজফুল যাচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান সমালোচনাকে ‘অপপ্রচার’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আমাদের একটা প্রবণতা হয়ে গেছে—কোনো সিনেমাকে একটু পঁচানো। কিন্তু দর্শক এসব বিষয়কে গুরুত্ব দিচ্ছে না। আমরা এখন পর্যন্ত যে রিপোর্ট পাচ্ছি, প্রত্যেকটা শো হাউজফুল যাচ্ছে।”
প্রেক্ষাগৃহের পরিস্থিতি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি আরও বলেন, গত চার থেকে পাঁচ বছরের মধ্যে এত দর্শকসমাগম খুব কমই দেখা গেছে। তার দাবি, আয় বা কালেকশনের দিক থেকেও সিনেমাটি রেকর্ড গড়ার পথে রয়েছে।
দর্শকদের প্রতিক্রিয়া প্রসঙ্গে পরিচালক বলেন, অল্প কিছু নেতিবাচক মন্তব্যকে বড় করে দেখা উচিত নয়। “ধরা যাক ৮৫০ জনের মধ্যে ১০ জন নেতিবাচক কথা বলেছে—সেটাই বেশি আলোচিত হয়। কিন্তু শত শত দর্শক সন্তুষ্ট হয়ে বাড়ি ফিরেছে, সেটি অনেক সময় সামনে আসে না,” বলেন তিনি।
সিনেমার কারিগরি মান, বিশেষ করে সিজি নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও করেন নির্মাতা। তার ভাষায়, কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে দৃশ্য বিকৃত করে তা প্রচার করা হচ্ছে, যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তবে ব্যক্তিগতভাবে কারও ভালো না লাগলে সেই মতামতকে তিনি সম্মান জানান।
এদিকে সিনেমার প্রদর্শনী সংক্রান্ত সমস্যা সমাধানে সক্রিয় রয়েছেন শাকিব খান নিজেও। নির্মাতা জানান, তিনি নিয়মিত খোঁজ নিচ্ছেন এবং দ্রুত শো স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছেন।
সব মিলিয়ে, ঈদের বাজারে ‘প্রিন্স’ এখন পর্যন্ত দর্শকপ্রিয়তায় শীর্ষে রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।