June 27, 2026, 8:23 am

জাতীয় দলের প্রধান নির্বাচক হলেন হাবিবুল বাশার, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদীফ

  • Update Time : Tuesday, March 24, 2026

ক্রীড়া প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার-কে প্রধান নির্বাচক করে নতুন প্যানেল ঘোষণা করা হয়েছে।

এর আগে প্রধান নির্বাচকের দায়িত্বে থাকা গাজী আশরাফ হোসেন লিপু নতুন চুক্তিতে রাজি না হওয়ায় পদ ছাড়ার সিদ্ধান্ত নেন। এরপর থেকেই নির্বাচক প্যানেলের চেয়ারম্যান হিসেবে বাশারের নাম আলোচনায় ছিল। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে সেই জল্পনারই অবসান ঘটলো।

৫৩ বছর বয়সী হাবিবুল বাশার বাংলাদেশের ক্রিকেটে অত্যন্ত অভিজ্ঞ ও পরিচিত নাম। তিনি এর আগে জাতীয় পুরুষ ও নারী—উভয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। খেলোয়াড়ি জীবনে তিনি ছিলেন দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান এবং প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে ৩০০০ রানের মাইলফলক স্পর্শ করেন।

নতুন নির্বাচক প্যানেলে বাশারের সঙ্গে থাকছেন সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত, যিনি আগের প্যানেলেও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এবারের প্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন ঘরোয়া ক্রিকেটের দুই অভিজ্ঞ খেলোয়াড় নাঈম ইসলাম এবং নাদিফ চৌধুরী।

নাঈম ইসলাম প্রায় ২০ বছরের ক্যারিয়ারে সব ফরম্যাট মিলিয়ে ২০ হাজারের বেশি রান করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৪টি সেঞ্চুরি করে তিনি বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডের মালিক।

অন্যদিকে নাদিফ চৌধুরীরও দীর্ঘ দুই দশকের ক্রিকেট অভিজ্ঞতা রয়েছে। তিনি বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং অবসরের পর বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে কাজ করেছেন।

বিসিবি জানিয়েছে, নতুন এই নির্বাচক প্যানেলের মেয়াদ থাকবে ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে আফ্রিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ পর্যন্ত। ওই বিশ্বকাপের জন্য দল ঘোষণার মধ্য দিয়েই এই প্যানেলের বর্তমান মেয়াদ শেষ হবে।

নতুন এই প্যানেলের অধীনে ভবিষ্যৎ দল গঠন ও প্রতিভা বাছাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা করছে দেশের ক্রিকেট সংশ্লিষ্টরা।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com