নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকাসহ দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে দমকা হাওয়াসহ ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার (২১ মার্চ) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সম্ভাব্য ঝড়ের কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে, যাতে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করা হয়।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ ধরনের আবহাওয়ায় নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে হবে এবং যাত্রীদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।