নিজস্ব প্রতিবেদক:
তদবিরের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে রাষ্ট্র পরিচালনার সব ক্ষেত্রে মেধাকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য তরুণদের আত্মনির্ভরশীল হতে হবে এবং ছোট ছোট উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করতে হবে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা সমিতির আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমানে অনেক তরুণ শুধু চাকরির পেছনে ঘুরছে, কিন্তু এভাবে চাকরি পাওয়া সবসময় সম্ভব নয়। তাই তরুণদের উদ্যোক্তা হওয়ার দিকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, “আমাদের ছেলেরা খালি ঘুরে ঘুরে চাকরি খুঁজে। এভাবে তো চাকরি পাওয়া যাবে না। এজন্য নিজেদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিনিয়োগ করতে হবে এবং ছোট ছোট উদ্যোগ নিয়ে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, সরকার প্রশাসন ও অন্যান্য ক্ষেত্রে তদবিরের চেয়ে মেধাকে বেশি গুরুত্ব দিতে চায়। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “বিশ্বাস করেন, সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির—পোস্টিং-টোস্টিং নিয়ে। কিছু ক্ষেত্রে প্রয়োজন আছে, কিন্তু যদি সেটাকেই প্রধান গুরুত্ব দেওয়া হয় তাহলে সমস্যা তৈরি হবে।”
নিজ জেলা ঠাকুরগাঁওয়ের উন্নয়ন প্রসঙ্গ তুলে ধরে মির্জা ফখরুল বলেন, সেখানে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, চার লেনের সড়ক নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন বলেও জানান।
এ সময় সমিতির নামে বিভাজন তৈরির সমালোচনা করে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা সমিতির সদস্যরা ছাড়াও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।