June 27, 2026, 8:24 am

পেট্রোল পাম্পের নিরাপত্তায় পুলিশি টহল বাড়ানোর অনুরোধ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিপিসির চিঠি

  • Update Time : Monday, March 9, 2026

নিজস্ব প্রতিবেদক:

দেশজুড়ে ফিলিং স্টেশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল জোরদারের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। এ বিষয়ে রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছে সংস্থাটি।

চিঠিতে বিপিসি জানায়, দেশে জ্বালানি তেল বিপণনকে ঘিরে সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের মজুত পরিস্থিতি নিয়ে নেতিবাচক সংবাদ প্রচার হচ্ছে। এসব খবরে প্রভাবিত হয়ে অনেক ভোক্তা প্রয়োজনের অতিরিক্ত পরিমাণ জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করছেন।

এর ফলে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। বিপিসি জানিয়েছে, ডিলাররা বিগত সময়ের তুলনায় ডিপো থেকে অতিরিক্ত পরিমাণ জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করছেন। পাশাপাশি কিছু ভোক্তা ফিলিং স্টেশন থেকে প্রয়োজনের অতিরিক্ত তেল কিনে অননুমোদিতভাবে মজুত করারও চেষ্টা করছেন বলে বিভিন্ন মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে।

এ পরিস্থিতিতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ইতোমধ্যে ফিলিং স্টেশন থেকে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল সরবরাহ সীমিত করার সিদ্ধান্ত নিয়ে বিপিসি একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে।

চিঠিতে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেল কিনতে আসা ক্রেতাদের সঙ্গে স্টেশনের কর্মচারীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হচ্ছে। এতে করে ফিলিং স্টেশনগুলোতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে।

এই প্রেক্ষাপটে দেশের সব ফিলিং স্টেশনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল জোরদারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বিপিসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com