June 27, 2026, 5:30 am

দ্য হান্ড্রেড নিলাম: চূড়ান্ত তালিকায় বাংলাদেশের দুই তারকা

  • Update Time : Tuesday, March 3, 2026

ক্রীড়া প্রতিবেদক:

ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড এবার প্রথমবারের মতো প্লেয়ার্স ড্রাফটের পরিবর্তে নিলামের মাধ্যমে খেলোয়াড় দলে ভেড়াচ্ছে। আসন্ন ষষ্ঠ আসরকে সামনে রেখে প্রকাশিত চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার— রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান।

আগামী ১২ মার্চ লন্ডনে অনুষ্ঠিত হবে এবারের নিলাম। গত সপ্তাহে প্রকাশিত ৭১২ জন পুরুষ ক্রিকেটারের প্রাথমিক তালিকা থেকে বাছাই করে ২৪৭ জনকে রাখা হয়েছে চূড়ান্ত তালিকায়। বাংলাদেশের ২৩ ক্রিকেটার নাম নিবন্ধন করলেও শেষ পর্যন্ত টিকে আছেন কেবল রিশাদ ও মুস্তাফিজ।

নিলামের শুরুতেই ডাকা হবে ১০ জন ‘মার্কি’ খেলোয়াড়ের নাম। সেখানে কোনো বাংলাদেশি না থাকলেও রিশাদকে রাখা হয়েছে ‘টায়ার-১ স্পিন’ ক্যাটাগরিতে। অন্যদিকে মুস্তাফিজ রয়েছেন লং-লিস্টে। প্রাথমিক তালিকায় মুস্তাফিজ ১ লাখ পাউন্ডের সর্বোচ্চ রিজার্ভ প্রাইস ক্যাটাগরিতে নাম দিয়েছিলেন। রিশাদ ছিলেন ৭৫ হাজার পাউন্ডের তালিকায়। বাকি বাংলাদেশি ক্রিকেটাররা ৩১ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে নাম দিলেও তারা কেউ চূড়ান্ত তালিকায় জায়গা পাননি।

এদিকে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে শুরুর দিকে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। আইপিএল মালিকানার সঙ্গে যুক্ত কয়েকটি দল রাজনৈতিক কারণে পাকিস্তানি খেলোয়াড়দের জন্য বিড করবে না—এমন খবর প্রকাশিত হয়েছিল ইংলিশ গণমাধ্যমে। তবে পরে ইসিবি ও আট ফ্র্যাঞ্চাইজি যৌথ বিবৃতিতে জানায়, জাতীয়তার ভিত্তিতে নয়; বরং পারফরম্যান্স ও দলের প্রয়োজন বিবেচনায় খেলোয়াড় বাছাই করা হবে।

চূড়ান্ত তালিকার ১০ জন মার্কি খেলোয়াড়ের মধ্যে আছেন পাকিস্তানের পেসার হারিস রউফ। এছাড়া সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, সাইম আইয়ুব, নাসিম শাহ, মোহাম্মদ আমিরসহ মোট ১৪ জন পাকিস্তানি ক্রিকেটার। যদিও দেশটি থেকে প্রাথমিকভাবে ৬৭ জন নাম নিবন্ধন করেছিলেন।

আসন্ন আসর শুরু হবে আগামী ২১ জুলাই এবং চলবে ১৬ আগস্ট পর্যন্ত। নিলামের ফলাফলের দিকে তাকিয়ে আছেন বাংলাদেশের ক্রিকেটভক্তরা—রিশাদ ও মুস্তাফিজ কোন ফ্র্যাঞ্চাইজিতে জায়গা পান, সেটাই এখন বড় প্রশ্ন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com