June 27, 2026, 5:30 am

স্ত্রী মৃত্যুর মামলার পর নিখোঁজ অভিনেতা জাহের আলভী

  • Update Time : Monday, March 2, 2026

বিনোদন ডেস্ক:

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত হওয়ার পর থেকেই খোঁজ মিলছে না অভিনেতা জাহের আলভী-এর। মামলা হওয়ার পর তিনি কার্যত আড়ালে চলে গেছেন বলে জানা গেছে। গত রোববার বিকেলে নেপাল থেকে তার দেশে ফেরার কথা থাকলেও এখন পর্যন্ত জনসমক্ষে আসেননি তিনি। এমনকি স্ত্রী ইকরার শেষ বিদায়েও ছিলেন অনুপস্থিত।

শোবিজ অঙ্গনে এ নিয়ে তৈরি হয়েছে তীব্র আলোচনা ও ধোঁয়াশা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার সমালোচনা করছেন এবং বর্তমান অবস্থান জানতে চাচ্ছেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, আলভীর ফেসবুক আইডি বর্তমানে ডিজেবল রয়েছে। তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও ডিঅ্যাকটিভ দেখা যাচ্ছে। ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।

ইকরার মৃত্যুর সময় আলভী নাটকের শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছিলেন। শোবিজ সংশ্লিষ্টদের দাবি, সেখানে তার সঙ্গে এক চর্চিত প্রেমিকাও ছিলেন, যাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। যদিও এ বিষয়ে আলভীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা জানিয়েছিলেন আলভী। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি প্রকাশ্যে আসেননি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় অনেকের ধারণা, মামলার আইনি জটিলতা এড়াতেই তিনি আত্মগোপনে রয়েছেন।

উল্লেখ্য, রাজধানীর মিরপুর ডিওএইচএসে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরা। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং প্রধান আসামি করা হয়েছে আলভীকে। পুলিশ জানিয়েছে, দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার পক্ষ থেকে কোনো সংবাদ সম্মেলন বা আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com