নিজস্ব প্রতিবেদক:
মধ্যপ্রাচ্যের আকাশে চলমান যুদ্ধাবস্থা ও চরম উত্তেজনার কারণে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ফলে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য অংশ মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মী এবং ইউরোপ–আমেরিকাগামী কানেক্টিং ফ্লাইটের যাত্রী।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিমানবন্দরে গিয়ে আটকে পড়া যাত্রীদের খোঁজখবর নেন। তিনি যাত্রীদের ভোগান্তির কথা শোনেন এবং তাৎক্ষণিক সহায়তা কার্যক্রম তদারকি করেন।
এ সময় সংবাদ সম্মেলন চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে বিমানবন্দরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান। মন্ত্রী তাকে জানান, মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যৌথভাবে যাত্রীদের থাকার ও খাবারের ব্যবস্থা করছে।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে অবস্থান করছেন। তার মন্ত্রণালয়ের উদ্যোগে অন্তত ৫০ জন যাত্রীর অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আরও ৮০০ জন যাত্রীর থাকার ব্যবস্থা নিশ্চিত করেছে।
তিনি আরও জানান, ওমানের মাস্কাটগামী ফ্লাইটের ৫৩ জন যাত্রী সিলেট থেকে ঢাকায় এসে ফ্লাইট বাতিলের কারণে আটকা পড়েন। তাদের হোটেলে পাঠানো হয়েছে এবং সেহরির ব্যবস্থা করা হয়েছে। পরদিন তাদের শীতাতপ নিয়ন্ত্রিত বাসে সিলেটে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ইরানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় শনিবার বিকেল থেকে ঢাকা থেকে সংশ্লিষ্ট সব ফ্লাইট বাতিল করা হয়। আকস্মিক এ সিদ্ধান্তে বিমানবন্দরে যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।