June 27, 2026, 5:34 am

ইরান যুদ্ধ: সৌদিতে আটকা পড়েছেন মুশফিকুর রহিম

  • Update Time : Saturday, February 28, 2026

ক্রীড়া প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরান সংঘাতের জেরে বিমান চলাচলে বিঘ্ন ঘটায় সৌদি আরবে আটকা পড়েছেন মুশফিকুর রহিম। পবিত্র উমরাহ পালন শেষে আজ দেশে ফেরার কথা থাকলেও ফ্লাইট জটিলতায় তিনি বর্তমানে জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছেন।

কয়েক সপ্তাহের উত্তেজনার পর শনিবার সকালে ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এর ফলে আঞ্চলিক আকাশসীমা ও ফ্লাইট পরিচালনায় ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়েছে।

উমরাহ পালন শেষে দুবাই হয়ে ঢাকায় ফেরার পরিকল্পনা ছিল মুশফিকের। তিনি এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০৮০৬ ফ্লাইটে জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেন। তবে আকাশপথে নিরাপত্তা ঝুঁকির কারণে ফ্লাইটটি পুনরায় সৌদি আরবের কিং আব্দুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দর–এ ফিরিয়ে আনা হয়। ফলে হাজারো যাত্রীর সঙ্গে বিমানবন্দরে অপেক্ষা করতে হচ্ছে তাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মুশফিক জানান, উমরাহ সম্পন্ন করে দেশে ফিরছিলেন তিনি। কিন্তু চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট বাতিল হওয়ায় এখন জেদ্দায় অবস্থান করছেন। কবে এবং কীভাবে দেশে ফিরতে পারবেন, তা অনিশ্চিত বলেও উল্লেখ করেন তিনি। সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে ছেড়ে আসা অনেক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হচ্ছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বিমান চলাচল স্বাভাবিক হতে সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com