নিজস্ব প্রতিবেদক:
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বাহিনীটির মহাপরিচালক একেএম শহিদুর রহমান জানিয়েছেন, দিনটি শান্তিপূর্ণভাবে উদ্যাপনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শনকালে তিনি বলেন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে বহুস্তরবিশিষ্ট নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। শহীদ মিনার এলাকাকে ইনার ও আউটার পেরিমিটার ভাগ করে সদস্য মোতায়েন করা হয়েছে। পুরো এলাকাকে কয়েকটি সেক্টরে ভাগ করে প্রতিটি সেক্টরে ফুট পেট্রোল, গাড়ি টহল এবং স্ট্রাইকিং রিজার্ভ রাখা হবে।
র্যাব জানায়, নিরাপত্তা জোরদারে বোমা ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্য দায়িত্ব পালন করবেন। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় তিন শতাধিক র্যাব সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি পুরো এলাকা সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে।
ডিজি বলেন, বর্তমানে কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই। তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও সারাদেশে যেসব শহীদ বেদীতে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে, সেসব স্থানেও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ। দাবি আদায় বা আন্দোলনের নামে সাধারণ জনগণকে জিম্মি করা কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না। সাধারণ মানুষের স্বাভাবিক চলাফেরা ও জীবনযাত্রা নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।