নিজস্ব প্রতিবেদক:
শপথ গ্রহণের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে ভেঙে গেছে। মঙ্গলবার সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে জানানো হয়, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি নতুন সরকার গঠনে সম্মতি দিয়েছেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গেই বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কার্যক্রম সমাপ্ত হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। পরবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হলে নবগঠিত সংসদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিএনপি সরকার গঠন করে।
নতুন সরকারের দায়িত্ব গ্রহণের মাধ্যমে দেশে পূর্ণাঙ্গ রাজনৈতিক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হলো বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।