নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৩০টি আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, এসব আসনে ভোট গণনায় ‘জালিয়াতি’ হয়েছে এবং পুনর্গণনা হলে বহু আসনের ফল পরিবর্তিত হতে পারে।
শনিবার (বিকেল) ঢাকার মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, পুনর্গণনা সম্পন্ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট আসনগুলোর ঘোষিত বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ স্থগিত রাখতে হবে।
জুবায়েরের দাবি, “ইচ্ছাকৃতভাবে ফল পরিবর্তন করে জামায়াত ও ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের পরাজিত দেখানো হয়েছে।” এ কাজে প্রশাসন ও নির্বাচন কমিশনের একটি অংশ জড়িত বলেও অভিযোগ করেন তিনি। বিষয়টি নিয়ে দলটির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান।
যেসব আসনে পুনর্গণনার দাবি
ঢাকা-৭, ৮, ১০, ১৩ ও ১৭; পঞ্চগড়-১; ঠাকুরগাঁও-২; দিনাজপুর-৩ ও ৫; লালমনিরহাট-১ ও ২; গাইবান্ধা-৪; বগুড়া-৩; সিরাজগঞ্জ-১; যশোর-১; খুলনা-৩ ও ৫; বরগুনা-১ ও ২; ঝালকাঠি-১; পিরোজপুর-২; ময়মনসিংহ-১, ৪ ও ১০; কিশোরগঞ্জ-৩; গোপালগঞ্জ-২; ব্রাহ্মণবাড়িয়া-৫; চাঁদপুর-৪; চট্টগ্রাম-১৪ এবং কক্সবাজার-৪।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মাওলানা আবদুল হালিম এবং সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলালসহ কেন্দ্রীয় নেতারা।
এ সময় ঢাকা-৬ আসনে জামায়াতের প্রার্থী আবদুল মান্নানও অভিযোগ করেন, ভোট গণনায় ‘কারসাজির’ মাধ্যমে তাকে পরাজিত দেখানো হয়েছে।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, সংশ্লিষ্ট আসনগুলোর ফলাফল পুনর্মূল্যায়ন ও পুনর্গণনার দাবিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে।