নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে জোর আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। এরই মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল-এর নাম ঘিরে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এ ধরনের খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি।
নির্বাচনে অংশ না নিলেও নির্বাচনের আগে কয়েকজন প্রার্থীর প্রচারণায় দেখা গিয়েছিল তামিমকে। ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট সরকার গঠন করতে যাচ্ছে—এমন প্রেক্ষাপটে টেকনোক্র্যাট কোটায় তাকে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জল্পনা শুরু হয়।
গুঞ্জনের জবাবে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তামিম লিখেছেন, “আজ সারাদিনে আমাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন দেখতে পেয়েছি, যা পুরোপুরি মিথ্যা। এমন কোনো প্রস্তাব আমি পাইনি। এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি।”
আমিনুল ইসলাম নিয়েও আলোচনা
একই সময়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম-এর নামও সম্ভাব্য মন্ত্রী তালিকায় ঘুরপাক খাচ্ছে সামাজিক মাধ্যমে। যদিও তিনি ঢাকা-১৬ আসন থেকে নির্বাচন করে জয়ী হতে পারেননি। নির্বাচনের ফলাফল নিয়ে অনিয়মের অভিযোগ তুলে ফল স্থগিত ও কিছু কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবিও জানিয়েছেন তিনি। এরপরও টেকনোক্র্যাট কোটায় তার মন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে অনলাইনে আলোচনা চলছে।
প্রথমবার ভোট দিলেন তামিম
৩৬ বছর বয়সে এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেন তামিম। গত ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম-৯ আসনে ভোট দেওয়ার পর তিনি বলেন, “জীবনের প্রথম ভোট দিলাম। পছন্দের প্রার্থীকে একটি ভোটই দিয়েছি।”
রাজনৈতিক অঙ্গনে মন্ত্রিসভা নিয়ে নানা জল্পনা চললেও, অন্তত এই মুহূর্তে কোনো ধরনের সরকারি দায়িত্ব নেওয়ার বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছেন দেশের অন্যতম সফল এই ওপেনার।