June 27, 2026, 5:52 am

১৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি কিনবে বাংলাদেশ

  • Update Time : Tuesday, February 10, 2026

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির আওতায় আগামী ১৫ বছরে দেশটি থেকে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি পণ্য আমদানি করবে বাংলাদেশ। একই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কেনার কথাও চুক্তিতে উল্লেখ করা হয়েছে।

সোমবার হোয়াইট হাউস থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের শিল্প ও কৃষিপণ্যের জন্য বাংলাদেশ অগ্রাধিকারমূলক বাজার সুবিধা দেবে। এর মধ্যে থাকবে জ্বালানি, রাসায়নিক, চিকিৎসা সরঞ্জাম, যন্ত্রপাতি, মোটরযান, আইসিটি পণ্য, সয়াবিন, দুগ্ধজাত পণ্য, গরুর মাংস, পোলট্রি, বাদাম ও ফলমূল।

চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক হার ২০ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ করেছে। কিছু পণ্যের ক্ষেত্রে শুল্ক পুরোপুরি প্রত্যাহার করা হবে। পাশাপাশি মার্কিন তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহারের শর্তে নির্দিষ্ট পরিমাণ বাংলাদেশি তৈরি পোশাক শুল্কমুক্ত সুবিধায় যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাবে।

এ ছাড়া অন্তর্বর্তী সরকার বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে, যার আনুমানিক মূল্য ৩০ হাজার থেকে ৩৫ হাজার কোটি টাকা। এই ক্রয় যুক্ত হলে সামগ্রিক বাণিজ্যের অঙ্ক আরও বাড়বে।

চুক্তির আওতায় বাংলাদেশ অশুল্ক বাধা কমানো, শুল্ক প্রক্রিয়া ডিজিটাল করা এবং মার্কিন গাড়ির নিরাপত্তা মান ও ওষুধ–চিকিৎসা সরঞ্জামের ক্ষেত্রে এফডিএ সনদ স্বীকৃতির প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি শ্রম সুরক্ষা, পরিবেশ আইন প্রয়োগ ও মেধাস্বত্ব সুরক্ষায় কঠোর অবস্থান নেওয়ার কথা বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক ও ডেভেলপমেন্ট ফিন্যান্স করপোরেশনের মাধ্যমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগে অর্থায়নের বিষয়টিও বিবেচনা করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com