June 27, 2026, 9:47 am

এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা

  • Update Time : Tuesday, February 10, 2026

নিজস্ব প্রতিবেদক:

গত এক বছরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মোট পরিসম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ ৪ হাজার ৩৯২ টাকা। সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২4 সালের ৩০ জুন পর্যন্ত তার মোট পরিসম্পদ দাঁড়িয়েছে ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকা, যা এক বছর আগে ছিল ১৪ কোটি ১ লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকা।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের এক বছরের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়। সেখানে প্রধান উপদেষ্টার সম্পদের এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী ও মেয়াদি আমানতে বৃদ্ধি এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত শেয়ারের কারণে অধ্যাপক ইউনূসের মোট সম্পদ বেড়েছে। তার নামে কোনো ধরনের দায় নেই বলেও জানানো হয়েছে।

এদিকে অধ্যাপক ইউনূসের স্ত্রী আফরোজী ইউনূসের মোট পরিসম্পদ এক বছরে কমেছে। সর্বশেষ হিসাব অনুযায়ী তার সম্পদের পরিমাণ ১ কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৩৬০ টাকা, যা আগের অর্থবছরে ছিল ২ কোটি ১১ লাখ ৭৭ হাজার ২৭৪ টাকা। এক বছরে তার সম্পদ কমেছে ৮৪ লাখ ১৩ হাজার ৯১৪ টাকা। তবে তার নামে ১৬ লাখ ৯৬ হাজার টাকার দায় রয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, অধ্যাপক ইউনূসের দেশের বাইরে থাকা মোট পরিসম্পদের পরিমাণ ৬৪ লাখ ৭৩ হাজার ৪১৪ টাকা। তার স্ত্রীর নামে বিদেশে কোনো সম্পদ নেই।

উল্লেখ্য, ২০২৪ সালের ১ অক্টোবর ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা, ২০২৪’ জারি করা হয়। নীতিমালা অনুযায়ী, প্রতিবছর আয়কর রিটার্ন জমার সময়সীমার পর ১৫ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্টদের আয় ও সম্পদের বিবরণী জমা ও প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে।

চব্বিশের গণঅভ্যুত্থানের পর ৮ আগস্ট অধ্যাপক ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ২১ জন। উপদেষ্টা পদমর্যাদায় বিশেষ সহকারী, বিশেষ দূত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ মোট ২৭ জনের সম্পদ বিবরণী আজ প্রকাশ করা হয়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com