নিজস্ব প্রতিবেদক:
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান বাস্তবতায় দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কার্যকর ও বাস্তবসম্মত পরিকল্পনা একমাত্র বিএনপিরই রয়েছে। তিনি বলেন, দল হিসেবে বিএনপি এমন কোনো প্রতিশ্রুতি দেবে না, যা বাস্তবায়ন করা সম্ভব নয়।
রোববার বিকেলে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে ঢাকা–১৩ আসনে বিএনপির সমর্থিত প্রার্থী ববি হাজ্জাজের পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, মানুষের কল্যাণে যা করা সম্ভব, বিএনপি সেটুকুই করতে চায়। “অবাস্তব প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না,”—যোগ করেন তিনি।
জননিরাপত্তাকে উন্নয়নের পূর্বশর্ত হিসেবে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, যেকোনো উন্নয়ন কর্মসূচি সফল করতে হলে মানুষের নিরাপত্তা ও অবাধ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। বিএনপি ক্ষমতায় গেলে শুধু ঢাকা–১৩ আসন নয়, ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনঃপ্রতিষ্ঠায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
তিনি বলেন, “আমাদের মা-বোনেরা যেন নিরাপদে রাস্তায় চলাফেরা করতে পারেন, মানুষ যেন নিরাপদে ঘরে ফিরতে পারে এবং শান্তিতে ঘুমাতে পারে—এই নিশ্চয়তা দেওয়া হবে।”
ঢাকা–১৩ আসনের ভোটারদের প্রতি বিএনপি সমর্থিত প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, এই নির্বাচনের মাধ্যমে নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা ও গণতান্ত্রিক জবাবদিহিতাভিত্তিক একটি নতুন শাসনপর্বের সূচনা হবে।
নগর সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে ঢাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানকে অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে সুশাসন প্রতিষ্ঠা ও জনসেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলার ওপর গুরুত্ব দিয়ে খাল দখলের বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারেক রহমান। তিনি বলেন, “যতই প্রভাবশালী হোক না কেন, কেউ যদি খাল দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করে বা জলাবদ্ধতা বাড়ায়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
গণতান্ত্রিক আন্দোলনের প্রসঙ্গ টেনে বিএনপি চেয়ারম্যান বলেন, গণঅভ্যুত্থানে মানুষের আত্মত্যাগের সুফল গণতান্ত্রিক অধিকারে প্রতিফলিত হতে হবে। তিনি বলেন, “গত ১৬ বছর মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এখন তারা ভোট দিতে পারছে, বাকস্বাধীনতাও ফিরে এসেছে। তবে এই অর্জনের পেছনে অনেক মানুষের প্রাণ দিতে হয়েছে।”
মেগা প্রকল্পের নামে দুর্নীতির সমালোচনা করে তারেক রহমান বলেন, উন্নয়নের নামে বড় বড় প্রকল্প নেওয়া হলেও সাধারণ মানুষের ভাগ্যের প্রকৃত পরিবর্তন হয়নি। তাঁর ভাষায়, “গত ১৬ বছরে যদি সত্যিকারের উন্নয়ন হতো, তাহলে আজ দেশকে এত সমস্যার মুখে পড়তে হতো না।”