নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে সহায়ক পরিবেশ বিদ্যমান রয়েছে এবং এবার কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশন সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এগোচ্ছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ইসি মাছউদ বলেন, “আমরা সারাদেশ ঘুরে দেখছি। রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রায় ১৮ লাখ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও আনসার—সবাই একটি ভালো নির্বাচন উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ।” তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতিও বর্তমানে তুলনামূলকভাবে ভালো রয়েছে।
নির্বাচন কমিশনের ওপর কোনো ধরনের চাপ নেই উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনকে সহজ ও গ্রহণযোগ্য করতে সকল পক্ষের সহযোগিতা প্রয়োজন। “নির্বাচনের পরিপন্থী কোনো আন্দোলন বা কার্যক্রমকে আমরা সমর্থন করি না। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে জনগণকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে,”—যোগ করেন তিনি।
নির্বাচন কমিশনার বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ ও ভোটের সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। বড় দুই রাজনৈতিক দলের নেতারা নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে পোস্টার অপসারণ ও নির্ধারিত কর্মসূচি বাতিল করেছেন, যা কমিশনের প্রতি আস্থারই প্রতিফলন।
রাজনৈতিক বক্তব্য ও পাল্টাপাল্টি মন্তব্যকে ভোটযুদ্ধের অংশ হিসেবে উল্লেখ করে আব্দুর রহমানেল মাছউদ বলেন, “তবে যেকোনো ধরনের সহিংসতা ও হত্যাকাণ্ড আমরা কঠোরভাবে নিন্দা জানাই।” এ সময় তিনি শরীফ ওসমান হাদী হত্যার ঘটনারও নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনার কথা জানান।
মতবিনিময় সভায় জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অংশ নেন।
সভায় আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তোফায়েল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।