June 27, 2026, 5:32 am

কর ফাঁকির মামলায় বড় ধাক্কা থালাপতি বিজয়ের, জরিমানা বহাল

  • Update Time : Friday, February 6, 2026

নিজস্ব প্রতিবেদক:

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও ‘তামিলগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে) প্রধান থালাপতি বিজয়ের বিরুদ্ধে কর ফাঁকির মামলায় বড় রায় দিল মাদ্রাজ হাইকোর্ট। আয় গোপনের অভিযোগে তাঁর ওপর আরোপিত ১ কোটি ৫০ লাখ টাকার জরিমানা বহাল রেখেছে আদালত।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিচারপতি সেন্থিলকুমার রামমূর্তির একক বেঞ্চ বিজয়ের করা রিট পিটিশন খারিজ করে দেন। আদালত জানান, ২০১৫–১৬ অর্থবর্ষে আয়ের তথ্য গোপনের অভিযোগে আয়কর দপ্তর যে জরিমানা করেছিল, তা পুরোপুরি আইনসম্মত।

আদালতের নথি অনুযায়ী, ২০১৫ সালের সেপ্টেম্বরে থালাপতি বিজয়ের বাসভবনে তল্লাশি চালায় আয়কর বিভাগ। সে সময় তদন্তকারীদের দাবি ছিল, অভিনেতা প্রায় ১৫ কোটি টাকার আয় গোপন করেছেন। পরবর্তীতে ২০১৮ সালে ওই আয়ের ভিত্তিতে তাঁর ওপর ১ কোটি ৫০ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়।

এই জরিমানার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে ২০২২ সালে মাদ্রাজ হাইকোর্টে আবেদন করেন বিজয়। তাঁর আইনজীবীদের যুক্তি ছিল, নির্ধারিত সময়সীমা অতিক্রম করার পর নোটিশ জারি করা হয়েছে, যা আইনসিদ্ধ নয়।

তবে আদালত সে যুক্তি গ্রহণ করেননি। বিচারপতি পর্যবেক্ষণে বলেন, আয়কর আইনের ২৬৩ ধারা অনুযায়ী যথাযথ সময়েই নোটিশ পাঠানো হয়েছিল এবং পুরো প্রক্রিয়া নিয়ম মেনেই সম্পন্ন হয়েছে। ফলে জরিমানা আদায়ে আয়কর দপ্তরের কোনো আইনি বাধা নেই।

যদিও হাইকোর্টে স্বস্তি পাননি থালাপতি বিজয়, তবে তাঁর জন্য আপিলের পথ খোলা রয়েছে। চাইলে তিনি ইনকাম ট্যাক্স অ্যাপিল ট্রাইব্যুনালে এ রায়ের বিরুদ্ধে আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একাধিক আইনি জটিলতায় পড়েছেন এই তারকা অভিনেতা। এর আগে তাঁর অভিনীত ‘জননয়গণ’ সিনেমার ওপর স্থগিতাদেশ জারির ঘটনাও আলোচনায় আসে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com