June 27, 2026, 7:16 am

নবম পে স্কেলের দাবিতে আন্দোলনে পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড

  • Update Time : Friday, February 6, 2026

নিজস্ব প্রতিবেদক:

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে রাজধানীতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হতে গেলে আন্দোলনকারীদের বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টার-এর আলোকচিত্রী জানান, সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনকারীরা শাহবাগে জড়ো হন। সেখান থেকে যমুনার দিকে মিছিল নিয়ে এগোতে চাইলে পুলিশ দফায় দফায় তাদের বাধা দেয়।

একপর্যায়ে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা যমুনার দিকে অগ্রসর হন এবং সকাল ১১টার পর সেখানে কিছুক্ষণ অবস্থান নেন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের সরিয়ে দেয়। এরপর তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন। বর্তমানে ইন্টারকন্টিনেন্টালের সামনে ব্যারিকেড দিয়ে সড়ক বন্ধ করে রেখেছে পুলিশ।

সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে আন্দোলনকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। এ ঘটনার ফলে বাংলামোটর থেকে শাহবাগমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে, সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

এদিকে, যমুনার সামনে গতকাল বিকেল থেকে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে তারা সেখানে অবস্থান করছেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com