নিজস্ব প্রতিবেদক:
পবিত্র শবে বরাত শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন নিশ্চিত করতে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো এবং বিস্ফোরক দ্রব্যের ক্রয়-বিক্রয় ও ব্যবহারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। এ উপলক্ষে ধর্মীয় পবিত্রতা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপি অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ডিএমপি জানায়, ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ৪ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। পাশাপাশি এ সময় বিস্ফোরক দ্রব্যের ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।
নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। ডিএমপি নগরবাসীর প্রতি শবে বরাতের পবিত্রতা রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।