June 27, 2026, 5:32 am

রমজানে সুলভ দামে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার

  • Update Time : Tuesday, February 3, 2026

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের জন্য প্রাণিজ আমিষ সহজলভ্য করতে মাসব্যাপী সুলভ মূল্যে দুধ, ডিম, গরুর মাংস ও ড্রেসড ব্রয়লার বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ ব্যবস্থাপনায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. মামুন হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজানকে সামনে রেখে মাংস, ডিম ও দুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং বাজারমূল্য স্থিতিশীল রাখতে রোববার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

সভা শেষে সিদ্ধান্ত হয়, রমজানের আগের দিন থেকে ২৫ রমজান পর্যন্ত মোট ২৬ দিন ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সুলভ মূল্যে প্রাণিজ পণ্য বিক্রি করা হবে। নির্ধারিত দামে পণ্যগুলো হলো—

ড্রেসড ব্রয়লার মাংস: প্রতি কেজি ২৪৫ টাকা

পাস্তুরিত দুধ: প্রতি লিটার ৮০ টাকা

ডিম: প্রতি পিস ৮ টাকা

গরুর মাংস: প্রতি কেজি ৬৫০ টাকা

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ঢাকা শহরের বাইরে বিভাগীয় ও জেলা শহরগুলোতেও স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় এ কার্যক্রম পরিচালনা করবেন।

ঢাকা মহানগর ও সিটি করপোরেশন এলাকায় প্রাথমিকভাবে ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে সুলভ মূল্যে প্রাণিজ পণ্য বিক্রি করা হবে। প্রস্তাবিত স্থানগুলোর মধ্যে রয়েছে— সচিবালয়ের পাশের আব্দুল গনি রোড, খামারবাড়ি (ফার্মগেট), মিরপুরের ষাটফুট ও কালশী এলাকা, আজিমপুর মাতৃসদন, নয়াবাজার, উত্তরা হাউজ বিল্ডিং, রামপুরা বাজার, হাজারীবাগ, আরামবাগ, যাত্রাবাড়ী, বাড্ডা, বনানীর কড়াইল বস্তি, কামরাঙ্গীরচর, খিলগাঁও, নাখালপাড়া, সেগুনবাগিচা, মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা, কাকরাইল, বনশ্রী, মিরপুর-১০, কল্যাণপুর, তেজগাঁও ও পুরান ঢাকার বঙ্গবাজার।

এছাড়া স্থানীয় উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় করে ভ্রাম্যমাণ বিক্রয়ের জন্য স্থায়ী স্পট নির্ধারণের মাধ্যমে বিক্রয় কেন্দ্রের সংখ্যা পর্যায়ক্রমে বাড়ানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com