নিজস্ব প্রতিবেদক:
মিডল্যান্ড ব্যাংক পিএলসি মাস্টারকার্ড থেকে আনুষ্ঠানিক লাইসেন্স অর্জন করেছে। এর ফলে ব্যাংকটি মাস্টারকার্ড অনুমোদিত সদস্য হিসেবে ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ড ইস্যু করার সুযোগ পেল।
ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকায় মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান উজ জামান মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালের কাছ থেকে মাস্টারকার্ড অনুমোদিত সদস্যপদ লাইসেন্স গ্রহণ করেন।
এই অংশীদারত্বের মাধ্যমে মিডল্যান্ড ব্যাংকের গ্রাহকরা বিশ্বব্যাপী মাস্টারকার্ড নেটওয়ার্কের আওতায় এটিএম, পিওএস ও ই-কমার্স প্ল্যাটফর্মে নির্বিঘ্নে লেনদেনের সুবিধা পাবেন। একই সঙ্গে ব্যাংকটি আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা দিতে মাস্টারকার্ডের ডিজিটাল ওয়ালেট ইন্টিগ্রেশন, ক্রস-বর্ডার পেমেন্ট এবং অন্যান্য উদ্ভাবনী ডিজিটাল সেবাও চালু করতে পারবে।
লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাহিদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও আইটি ও সিটিও প্রধান মো. নাজমুল হুদা সরকার, কার্ড বিভাগের প্রধান মো. আবেদ-উর-রহমান, এসইভিপি ও প্রাতিষ্ঠানিক ব্যাংকিং বিভাগের প্রধান মো. জাভেদ তারেক খান, খুচরা বিতরণ প্রধান ও প্রধান ব্যাংকাসিউরেন্স অফিসার মো. রাশেদ আক্তার উপস্থিত ছিলেন।
মাস্টারকার্ডের পক্ষ থেকে অনুষ্ঠানে পরিচালক সোহেল আলীম উপস্থিত ছিলেন।
ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, মাস্টারকার্ডের এই লাইসেন্স প্রাপ্তির মাধ্যমে গ্রাহকসেবার মান আরও উন্নত হবে এবং ডিজিটাল ও আন্তর্জাতিক লেনদেনে মিডল্যান্ড ব্যাংকের সক্ষমতা নতুন মাত্রা পাবে।