June 27, 2026, 7:20 am

২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে নেতাকর্মীদের ঢল

  • Update Time : Monday, February 2, 2026

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ ২২ বছর পর খুলনা সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা মহানগরীর খালিশপুর প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত হবে খুলনা মহানগর ও জেলা বিএনপির নির্বাচনী জনসভা। এ জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। খুলনার বিভিন্ন এলাকা ছাড়াও সাতক্ষীরা ও বাগেরহাটসহ আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হতে শুরু করেছেন। অনেক নেতাকর্মী রোববার রাতেই খুলনায় এসে অবস্থান নেন।

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, সোমবার বেলা ১১টার দিকে হেলিকপ্টারে খুলনায় পৌঁছাবেন বিএনপি চেয়ারম্যান। দুপুর ১২টায় তিনি খালিশপুর প্রভাতী স্কুল মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। জনসভা শেষে দুপুর ১টার দিকে হেলিকপ্টারে যশোরের উদ্দেশে খুলনা ত্যাগ করবেন। তিনি আশা প্রকাশ করেন, জনসভায় লাখো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হবে।

জনসভায় সভাপতিত্ব করবেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা। সভায় বৃহত্তর খুলনা অঞ্চলের ১৪টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থী এবং কেন্দ্রীয় নেতারা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।

বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেন, খুলনার পাশাপাশি সাতক্ষীরা ও বাগেরহাট জেলার সংসদ সদস্য প্রার্থী ও নেতাকর্মীরা জনসভায় অংশ নেবেন। নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, টানা কর্মসূচি ও ভ্রমণের কারণে তারেক রহমান কিছুটা অসুস্থ থাকলেও খুলনার মানুষের প্রতি ভালোবাসা থেকে তিনি সফরে সম্মত হয়েছেন। এজন্য খুলনাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে সর্বোচ্চ উপস্থিতির মাধ্যমে তাকে স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রভাতী স্কুল মাঠের এই জনসভা শুধু একটি নির্বাচনী সমাবেশ নয়; বরং খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে। নেতাকর্মীরা তারেক রহমানের বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছেন।

এদিকে তারেক রহমানের খুলনা আগমন ঘিরে নগরজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। জনসভাস্থল ও আশপাশের এলাকায় তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

পুলিশ জানায়, তারেক রহমানের যাতায়াতের পথ, সমাবেশস্থলের ভেতর ও বাইরে এবং নগরের গুরুত্বপূর্ণ স্থানে পোশাকধারী পুলিশ, গোয়েন্দা পুলিশ, র‌্যাব, সেনা ও নৌবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। নগরে প্রবেশের বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান জানান, জনসভা উপলক্ষে খুলনার ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক থাকবে এবং সাধারণ যান চলাচলে বিঘ্ন ঘটবে না। তবে বিপুল জনসমাগমের কারণে সাধারণ নাগরিকদের সমাবেশস্থল এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com