June 27, 2026, 7:16 am

পাকিস্তানের বেলুচিস্তানে সংঘর্ষে ৬৭ সন্ত্রাসী নিহত, ভারতের ভূমিকার অভিযোগ

  • Update Time : Saturday, January 31, 2026

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৬৭ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে প্রভাবশালী ইংরেজি দৈনিক ডন।

প্রতিবেদনে বলা হয়, বেলুচিস্তানের অন্তত ১২টি স্থানে সমন্বিত হামলার চেষ্টা চালানো হলে নিরাপত্তা বাহিনী তা প্রতিহত করে। এসব সংঘর্ষে নিরাপত্তা বাহিনী ও পুলিশের ১০ সদস্য নিহত হয়েছেন।

নিরাপত্তা সূত্রের দাবি, ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ নামের একটি গোষ্ঠী এসব হামলার চেষ্টা চালায়। পাকিস্তান সরকার বেলুচিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে এই নামে অভিহিত করছে এবং এর মাধ্যমে পাকিস্তানে সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টিতে ভারতের কথিত সম্পৃক্ততার অভিযোগ তুলে ধরছে।

সূত্র জানায়, গোয়াদার এলাকায় সন্ত্রাসীরা এক বেলুচ শ্রমিকের পরিবারের পাঁচ সদস্যকে হত্যা করেছে। নিহতদের মধ্যে একজন নারী ও তিন শিশু রয়েছে।

রাষ্ট্রীয় বেতার সংস্থা রেডিও পাকিস্তান জানিয়েছে, বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান ও সংঘর্ষ এখনো চলমান রয়েছে। এসব অভিযানে আরও হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানান, গত দুই দিনে প্রদেশটির বিভিন্ন এলাকায় মোট ৭০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। তিনি বলেন, বেলুচিস্তান পুলিশ ও ফ্রন্টিয়ার কর্পসের যৌথ অভিযানে এসব হামলা প্রতিহত করা হয়েছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, এসব হামলা সন্ত্রাসবিরোধী অভিযানে সরকারের অঙ্গীকারকে দুর্বল করতে পারবে না এবং শেষ সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

হামলার পর নিরাপত্তাজনিত কারণে কুয়েটা, সিবি ও চামান অঞ্চলে মোবাইল ফোন সেবা চালু থাকলেও মোবাইল ডাটা সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে ডন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com