June 27, 2026, 9:49 am

গোলাপি আভায় জয়া আহসানের জাদু

  • Update Time : Saturday, January 31, 2026

বিনোদন ডেস্ক:

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান যেন এখন সাফল্যের রঙে রাঙানো সময় পার করছেন। একদিকে নতুন সিনেমার কাজ, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে সম্মাননা—সব মিলিয়ে ব্যস্ত ও আনন্দঘন সময় কাটছে তার। সম্প্রতি কলকাতায় সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি। সুমন মুখার্জি পরিচালিত চলচ্চিত্র ‘পুতুলনাচের ইতিকথা’-তে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবেই এ সম্মাননা পান জয়া।

সাফল্যের এই মুহূর্তের মাঝেই সামাজিক মাধ্যমে নিজের নতুন কিছু ছবি শেয়ার করে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। ছবিগুলোতে তার রূপ ও স্টাইল মুগ্ধ করেছে নেটিজেনদের।

বর্তমানে টালিগঞ্জেই সময় কাটাচ্ছেন জয়া আহসান। সেখানকার বিভিন্ন অনুষ্ঠান ও ইভেন্টেও নিয়মিত দেখা যাচ্ছে তাকে। শনিবার নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেন তিনি, যেখানে কলকাতার শিল্পীদের সঙ্গেও দেখা যায় জয়াকে।

ছবিগুলোতে জয়া আহসানকে দেখা যায় একটি স্লিভলেস হল্টার-নেক স্টাইলের গোলাপি গাউনে। পোশাকটির ওপেন-ব্যাক ডিজাইন তার লুকে যোগ করেছে আধুনিকতা ও সাহসী আবেদন। চুলে পরিপাটি পনিটেল ও কানে ছোট টপ ব্যবহার করে তিনি রেখেছেন আভিজাত্যের ছাপ। ছবির ক্যাপশনে জয়া লেখেন, “গোলাপি আভা, অকৃত্রিম মুহূর্ত, চিরন্তন এক সন্ধ্যা…”।

ছবির ব্যাকগ্রাউন্ডে দেখা যায় বিভিন্ন পুরস্কারের ক্রেস্ট ও একটি অ্যান্টিক প্রজেক্টর, যা তার দীর্ঘ ও বর্ণাঢ্য অভিনয়জীবনেরই প্রতিচ্ছবি বলে মনে করছেন অনেকে।

অভিনয় দক্ষতার পাশাপাশি জয়ার চিরযৌবনা সৌন্দর্য ও ফ্যাশন সেন্স বরাবরই প্রশংসিত। নতুন এই লুকেও তার ব্যতিক্রম হয়নি। পোস্টের মন্তব্য ঘরে ভক্তদের প্রশংসার ঢল নেমেছে। এক ভক্ত লিখেছেন, “পিঙ্ক হিউসে জয়া আহসান মানেই আলাদা এক গ্রেস—ন্যাচারাল, ক্যান্ডিড আর চিরকালীন সৌন্দর্যের নিখুঁত মিল।” আরেকজনের মন্তব্য, “কি মিষ্টি লাগছে!” কেউ আবার লিখেছেন, “অসাধারণ ফ্যাশন সেন্স, চোখ ফেরানো দায়!”

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারিতেই টালিউডে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসানের নতুন সিনেমা ‘ওসিডি’। সব মিলিয়ে ক্যারিয়ারের এক স্বর্ণালি সময় পার করছেন এই গুণী অভিনেত্রী।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com