আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা। বুধবার রাজ্যসভার অধিবেশনে আনুষ্ঠানিকভাবে তাকে স্মরণ করা হবে।
রাজ্যসভার আজকের কার্যসূচি অনুযায়ী, অধিবেশনের প্রয়াতদের স্মরণ পর্বে খালেদা জিয়াসহ মোট তিনজনের জন্য শোক প্রস্তাব তোলা হবে। ভারতের রাষ্ট্রপতির ভাষণের পর প্রায় আধা ঘণ্টা পর এই স্মরণ পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যান। পরদিন জাতীয় সংসদ ভবনের সামনে জানাজা শেষে তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হয়।
খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে শোকবার্তা প্রকাশ করেন এবং বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান (বর্তমানে চেয়ারম্যান) তারেক রহমানকে আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে সমবেদনা জানান।
এ ছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ৩১ ডিসেম্বর ঢাকায় এসে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান এবং ভারত সরকারের শোকবার্তা তারেক রহমানের কাছে হস্তান্তর করেন। পরে ১ জানুয়ারি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।