নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলে সর্বমিত্র চাকমা বিষয়টি নিশ্চিত করেন।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠসংলগ্ন শারীরিক শিক্ষা কেন্দ্র এলাকায় তার নির্দেশে কয়েকজন বহিরাগতকে কান ধরে ওঠবস করানোর দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ক্যাম্পাসজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। এরই প্রেক্ষিতে পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।
ফেসবুক স্ট্যাটাসে এবং পরবর্তী বক্তব্যে সর্বমিত্র চাকমা বলেন, শিক্ষার্থীদের বিপুল প্রত্যাশা নিয়ে তিনি ডাকসুতে নির্বাচিত হয়েছিলেন। শুরু থেকেই ক্যাম্পাসকে নিরাপদ করতে রেজিস্টার্ড রিকশা চালু করাসহ একাধিক প্রস্তাব প্রশাসনের কাছে দিয়েছেন। তবে বাস্তবতা হলো, শারীরিক শিক্ষা কেন্দ্র এলাকায় এখনো পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই, এমনকি সিসি ক্যামেরাও স্থাপন করা হয়নি।
তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বহিরাগতদের অবাধ যাতায়াত চলছে। এর ফলে নারী শিক্ষার্থীদের হেনস্তা, মোবাইল ফোন, মানিব্যাগ ও সাইকেল চুরির মতো ঘটনা নিয়মিত ঘটছে, যা শিক্ষার্থীদের নিরাপত্তা ও বিশ্ববিদ্যালয়ের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে।
সর্বমিত্র চাকমা বলেন, “আমার সব চিন্তা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে। দায়িত্বের বাইরে গিয়েও একা অনেক জায়গায় কাজ করার চেষ্টা করেছি। কিন্তু আইন তো আইনই। এসব করতে গিয়ে আমার ব্যক্তিগত জীবন ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক চাপ পড়েছে। এই দায়িত্ব আর চালিয়ে নেওয়ার সক্ষমতা আমার নেই।”
এ কারণে ডাকসু কার্যনির্বাহী সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।